বারুইপুর, সুমন সাহা: বারুইপুরে দুই শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । অভিযোগ, পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ ও ৫ বছরের দুই শিশুকে বাগানের দিকে নিয়ে যান এক প্রতিবেশী। সেখানে কাস্তে দিয়ে ভয় দেখিয়ে দুই শিশুকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই শিশুকন্যাকে পেয়ারা খাওয়ানোর কথা বলে বাড়ির কাছাকাছি একটি বাগানে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, বাগানে নিয়ে যাওয়ার পর কাস্তে দেখিয়ে শিশু দুটিকে ভয় দেখানো হয়। এরপর তাদের সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
ঘটনাটি কোনওভাবে স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই বিষয়টি জানাজানি হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম গিয়াসুদ্দিন শেখ। তাঁর বয়স ৫৫ বছর। শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি শিশু দুটির নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার তদন্তে হাজির হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। তিনি শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিশুদের ও তাদের পরিবারের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে।