Monday, November 2, 2026
জেলা

বাড়িতেই জাল আধার কেন্দ্র, আর্মি ইন্টেলিজেন্সের অভিযানে ২ বাংলাদেশি নাগরিক-সহ গ্রেফতার ৩

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাড়িতেই জাল আধার কেন্দ্র, আর্মি ইন্টেলিজেন্সের অভিযানে ২ বাংলাদেশি নাগরিক-সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি:   বাড়িতেই চলছিল জাল আধার কার্ড তৈরির কারবার। সুকনা আর্মি ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সেই চক্রের পর্দাফাঁস হল। শীশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরি করতে আসা দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে জাল আধার কেন্দ্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রের মালিকের স্ত্রীকেও। তবে অভিযানের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মূল অভিযুক্ত রিপন রায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া থানার শীশাবাড়ি এলাকায় নিজের বাড়ি থেকেই দীর্ঘদিন ধরে জাল আধার কার্ড তৈরির কারবার চালানোর অভিযোগ রয়েছে রিপন রায়ের বিরুদ্ধে। অভিযোগ, বৈধ নথিপত্র ছাড়াই টাকা নিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র এবং আধার কার্ড তৈরি করে দিত সে। বিষয়টি নজরে আসে সুকনা আর্মি ইন্টেলিজেন্সের। এরপর গোটা বিষয়টির উপর নজরদারি শুরু হয়।

সোমবার আর্মি ইন্টেলিজেন্স জানতে পারে, দুই বাংলাদেশি নাগরিক আধার কার্ড তৈরি করাতে রিপন রায়ের বাড়িতে এসেছে। খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশকে সঙ্গে নিয়ে শীশাবাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে সুশীল রায় (৪৫) এবং লিটু মহন্ত (৪৫)-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের দাবি, প্রায় আড়াই বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর পরিবারের সদস্যদের নিয়ে মাটিগাড়ার শীশাবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। পরে রিপন রায়ের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়। অভিযোগ, বৈধ কাগজপত্র ছাড়াই আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য মাথাপিছু ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল।

পুলিশের দাবি, এদিন ১০ হাজার টাকা করে নিয়ে আধার কার্ড তৈরি করাতে রিপন রায়ের বাড়িতে পৌঁছেছিলেন সুশীল ও লিটু। ঠিক সেই সময়েই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ ও আর্মি ইন্টেলিজেন্সের উপস্থিতি টের পেয়ে রিপন রায় পালিয়ে যায়। তবে বাড়িতে থাকা তাঁর স্ত্রী পবিত্রা রানি রায়কে গ্রেফতার করা হয়।

তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে আটটি তৈরি করা জাল আধার কার্ড, জাতিগত শংসাপত্র, আধার কার্ড তৈরির ফর্ম-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল পদ্ধতিতে আধার কার্ড তৈরির অভিযোগে মামলা করা হয়েছে। অন্যদিকে পবিত্রা রানি রায়ের বিরুদ্ধেও জাল পদ্ধতিতে আধার কার্ড তৈরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

ধৃত তিনজনকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি পলাতক রিপন রায়ের সন্ধানে তল্লাশি চলছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই এই কারবার চলছিল। প্রতিটি আধার কার্ড তৈরির জন্য ১০ হাজার টাকা করে নেওয়া হত বলে অভিযোগ। এখনও পর্যন্ত কতজনের জাল আধার কার্ড তৈরি করা হয়েছে, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না—সবকিছুই খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement