মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:বিদ্যুৎ বিল আপডেটের নামে বাঁকুড়ার হিড়বাঁধ থানার এক স্কুলশিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা হাতানোর অভিযোগে দুই সাইবার প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রেহান আলম ও নিখিল গুপ্ত। আজ তাদের আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ অক্টোবর হিড়বাঁধের বানসা গ্রামের বাসিন্দা তথা স্কুলশিক্ষক বরুণ মাজিকে বিদ্যুৎ দপ্তরের কর্মী পরিচয় দিয়ে ফোন করে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বিল আপডেটের অজুহাতে তাঁকে একটি থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয় এবং ভিডিও কলের মাধ্যমে কিছু নির্দেশ অনুসরণ করতে বাধ্য করা হয়। এর পরেই তাঁর ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট থেকে PhonePe UPI-এর মাধ্যমে ১ লক্ষ টাকা গায়েব হয়ে যায়।
প্রতারিত শিক্ষক তৎক্ষণাৎ হিড়বাঁধ থানার সাইবার হেল্প ডেস্ক এবং জাতীয় সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে অভিযোগ নথিভুক্ত করেন। তদন্তে নেমে পুলিশ প্রতারণার টাকার লেনদেনের সূত্র ধরে কুলটি থানা এলাকায় অভিযান চালায় এবং রেহান ও নিখিলকে গ্রেপ্তার করে। এই চক্রের সাথে আর কারা জড়িত এবং প্রতারণার টাকা উদ্ধার করতেই ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।