Tuesday, November 17, 2026
কলকাতা

ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়'আকভান'!কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা

Published by স্মৃতি মণ্ডল - November 17, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে 'Akvan'

Akvan Storm :ফের ঘূর্ণিঝড়!বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-এর ১৭ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। দমকা হাওয়ার  গতিবেগ পৌঁছতে পারে সর্বোচ্চ ১৪৫ কিলোমিটারে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।কিন্তু ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় এবং ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম দিকে  ২০ নভেম্বর দুপুরে নেল্লোর ও টুনির মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ।

অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব ও পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া ওড়িশাতেও শুরু হয়েছে আগাম প্রস্তুতি। সেখানে মোট ৭৪টি উদ্ধারকারী দল যথাক্রমে ৬০টি ওডিআরএএফ এবং ১৪টি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি ও পুরী জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া,জলাধারগুলিতে জলের পরিমাণ নিয়ন্ত্রণের উদ্যোগও নেওয়া হয়েছে।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। চেন্নাই ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও ১৭ নভেম্বর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূলে ১ থেকে ২ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। বাপটলা, কৃষ্ণা ও পশ্চিম গোদাবরী জেলার নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে জানা যাচ্ছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-কে ঘিরে  সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে আগাম প্রস্তুতি এবং উদ্ধারকাজের উপর জোর দিচ্ছে প্রশাসন। অন্যদিকে ঝড়ের গতিপথ ও শক্তির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর।

— বিজ্ঞাপন —
Advertisement