Tuesday, November 17, 2026
কলকাতা

২৬/১১-এর পুনরাবৃত্তি রুখতে দেশজুড়ে ‘সি ভিজিল ২০২৬’, কলকাতায় উপকূলীয় প্রতিরক্ষা মহড়ায় বিশাল লামা

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কলকাতায় আয়োজিত উপকূলীয় প্রতিরক্ষা মহড়া

Twenty Six Eleven :সমুদ্রপথে অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী হামলা রুখতে দেশজুড়ে শুরু হয়েছে পঞ্চম উপকূলীয় প্রতিরক্ষা মহড়া ‘সি ভিজিল ২০২৬’। ভারতের জলসীমা কতটা সুরক্ষিত এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় কতটা কার্যকর, তা খতিয়ে দেখতেই এই বিশেষ মহড়ার আয়োজন। কলকাতায় আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা।

নৌবাহিনীর উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় নৌবাহিনী, কোস্ট গার্ড, এনএসজি, বিএসএফ এবং সেনাবাহিনী। সমুদ্র থেকে উপকূলবর্তী এলাকা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সমন্বয় কতটা কার্যকর, তাও যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের উপকূলীয় নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে আসে। সেই ঘটনার পর থেকেই প্রতি দু’বছর অন্তর এই ধরনের মহড়ার আয়োজন করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার পাশাপাশি তাদের ব্যবহৃত সরঞ্জাম, বোট এবং বিমান পরিচালনার সমন্বয়ও এই মহড়ায় পরীক্ষা করা হয়।

এবার ১৮ ও ১৯ নভেম্বর বঙ্গোপসাগর থেকে শুরু করে সুন্দরবনের বিস্তীর্ণ খাঁড়ি এলাকায় চলবে মহড়া। সমুদ্রপথে কোনও অনুপ্রবেশকারী বা সন্ত্রাসবাদী যাতে দেশের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ২৬/১১-এর মত ঘটনার পুনরাবৃত্তি রুখতে উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই মহড়া।
 

— বিজ্ঞাপন —
Advertisement