অনন্যা দে,কোচবিহার,২০ অক্টোবর: প্রায় এক দশক পর মাথাভাঙায় ফিরতে চলেছে প্রতিমা নিরঞ্জনের পুরনো ঐতিহ্য। বিজয়া দশমীতে শুটুঙ্গা নদীতে নৌকায় করে দুর্গাপ্রতিমা নিরঞ্জনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে। এই অনুষ্ঠানকে সফল করতে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বুধবার বেলা ২টো থেকে বিসর্জন ঘাটে উপস্থিত থাকার জন্য মাথাভাঙা প্রতিমা নিরঞ্জন পরিচালন কমিটির সদস্যরা শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি করছেন। কমিটির সহ-সভাপতি মনোজ ঘোষ-সহ অন্যান্য সদস্যরা সাধারণ মানুষকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
মনোজ ঘোষ জানান, প্রায় এক দশক পর ফিরছে এই ঐতিহ্য। তাই শুধু মাইকে প্রচার নয়, প্রতিটি মানুষকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করতেই বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হচ্ছে।
অন্যদিকে শুটুঙ্গা নদীর দুই পাড়ে চলছে প্রস্তুতি। মহাষ্টমীর দিন মন্ত্রী নিশীথ প্রামাণিক নৌকায় চড়ে ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক যতীন যাদব, জেলা পুলিশ সুপার মনিস জোশি-সহ প্রশাসনের আধিকারিকরা।
অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে আলো, মঞ্চ, প্যান্ডেল, সিসিটিভি ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার প্রস্তুতি চলছে। পুরনো ঐতিহ্য ফিরে আসার খবরে উৎসাহিত মাথাভাঙার বাসিন্দারা।