মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়া জেলা জুড়ে কোমর বেঁধে ময়দানে নামছে কংগ্রেস। দেশ ও গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে ‘ভোট বাঁচাও-দেশ বাঁচাও’ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে বাঁকুড়া ধর্মশালায় জেলা কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয়।
বৈঠকে জেলার আন্দোলনের রণকৌশল নির্ধারণ করতে দলের পরিকল্পনা ও তার রূপরেখা নির্দিষ্ট করে দেন নিখিল ভারত কংগ্রেস কমিটির (AICC) পর্যবেক্ষক কেশব চন্দ্র যাদব এবং বাঁকুড়া জেলা কংগ্রেস সভাপতি অভিষেক বিশ্বাস। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্তরের পদাধিকারী এবং বিভিন্ন ব্লকের শীর্ষ নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার রক্ষা এবং দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে বাঁচিয়ে রাখাই এই আন্দোলনের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকে ও বুথ স্তরে কীভাবে আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা ও ব্লু-প্রিন্ট এই বৈঠকে তৈরি করা হয়েছে।
এআইসিসি পর্যবেক্ষক কেশব চন্দ্র যাদব নেতৃত্বকে বুথ স্তরে সংগঠন আরও মজবুত করার নির্দেশ দেন। অন্যদিকে, জেলা সভাপতি অভিষেক বিশ্বাস জানান, জেলা ও ব্লক স্তরের সমস্ত কর্মীদের একজোট করে আগামী দিনে বাঁকুড়ার মাটিতে এক শক্তিশালী ও শান্তিপূর্ণ গণ-আন্দোলন গড়ে তোলা হবে। ধর্মশালার এই বৈঠকের পর জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে।