বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:রবিবার গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড চত্বরে। পরপর তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটলো। দুটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত্রে মেদিনীপুর বাস স্ট্যান্ড চত্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রথমে আগুন লাগে, পরবর্তীকালে সেই আগুন ছড়িয়ে আরো দুটি বাসে আগুন লেগে যায়।
প্রথমে বাস স্ট্যান্ড চত্বরে থাকা অন্যান্য বাসের ড্রাইভার এবং হেলপাররা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরবর্তীকালে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাস, এবং অর্ধেক পুড়ে যায় আরো একটি বাস। বাসগুলো দাঁড়িয়ে ছিল মেদিনীপুর বাসস্ট্যান্ডে সোমবার সকালে নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। হঠাৎ করে রাত্রে কেন আগুন লাগল সেটাই নিয়ে উঠেছে প্রশ্ন।
যদিও বাসের মালিক এবং হেলপার সহ এলাকাবাসীদের ধারণা শর্ট সার্কিট থেকেই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কিভাবে হঠাৎ করে এত রাত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা। যেহেতু বাস গুলি যাত্রী বিহীন অবস্থায় বাসস্ট্যান্ডে ছিল বলে কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।