Sunday, November 1, 2026
জেলা

নৃ*শংস দ্বৈত হ*ত্যাকাণ্ড: আতঙ্কিত গ্রামবাসীদের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 22, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নৃ*শংস দ্বৈত হ*ত্যাকাণ্ড: আতঙ্কিত গ্রামবাসীদের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

 

 

মহম্মদ শাহজাহান আনসারী : বাঁকুড়া: বাঁকুড়ার সোনামুখী থানার লালবাবা মানাচরে তন্ত্র সাধনার জেরে ঘটে যাওয়া নৃ*শংস দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনায় এখনও স্তম্ভিত ও আতঙ্কিত গোটা এলাকা। নিজের স্ত্রী ও জন্মদাতা বাবার মুণ্ডুচ্ছেদ করার পর, হাতে ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা  তান্ত্রিককে ফিল্মি কায়দায় গ্রেফতার করেছিল সোনামুখী থানার পুলিশ। এই নারকীয় ঘটনার পর গ্রামবাসীদের মনে চেপে বসেছে এক চরম ভয়। অবস্থা এতটাই উদ্বেগজনক যে, সন্ধ্যা নামলেই কার্যত ঘরবন্দি হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

ভয়ার্ত ও খেটে খাওয়া এই মানুষগুলোর মন থেকে কুসংস্কারের অন্ধকার এবং আতঙ্ক দূর করে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা শাখা। বৃহষ্পতিবার বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জয়দেব চন্দ্র এবং তাঁর একটি বিশেষ টিম লালবাবা মানাচর গ্রামে পৌঁছায়। তাঁরা ভুক্তভোগী পরিবার এবং আতঙ্কিত গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন, গ্রামবাসীদের দাবি ও মানসিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে এই এলাকায় একটি বড়সড় কুসংস্কারবিরোধী সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।

এদিন সোনামুখী থানার পুলিশের  তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে তাঁদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি আগামী দিনের সচেতনতামূলক কর্মসূচির জন্য পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে। সমগ্র বিষয়টি জেলা প্রশাসনকেও লিখিতভাবে জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞান মঞ্চের বার্তা— অন্ধবিশ্বাস বা অলৌকিক ভয় নয়, বিজ্ঞানমনস্কতাই হোক মানুষের আসল ভরসা। খুব দ্রুত লালবাবা মানাচর ভয়মুক্ত হয়ে উঠুক এবং মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটাই এখন প্রধান লক্ষ্য।

— বিজ্ঞাপন —
Advertisement