পুরুলিয়া, পিউ নন্দী: পুরুলিয়ার মাটি, ছৌ-ঝুমুরের সুর আর রাজনৈতিক বার্তা—এই তিনের মেলবন্ধনে বুধবার বর্ণাঢ্য হয়ে উঠল পুরুলিয়া শহরের রাজপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজেপির উদ্যোগে শহরে আয়োজন করা হল ‘সেবা জ্যোতি যাত্রা’। মিছিল ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
পুরুলিয়ার নিজস্ব লোকসংস্কৃতিকে সামনে রেখেই সাজানো হয়েছিল গোটা কর্মসূচি। ছৌ নাচ ও ঝুমুরের সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি হাতে ‘সেবা জ্যোতি’র মশাল নিয়ে মিছিলে পা মেলান বিজেপির নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ব্যানার, পোস্টারও ছিল মিছিলের অন্যতম আকর্ষণ।
পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে প্রথমে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। সেখানে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক পথচলা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়। এরপর ট্যাক্সি স্ট্যান্ড থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ‘সেবা জ্যোতি যাত্রা’।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতৃত্ব, দলের পর্যবেক্ষক, পুরুলিয়ার বিজেপি সাংসদ এবং জেলার বিজেপি বিধায়করা। তাঁদের সঙ্গে মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক।
বিজেপির বক্তব্য, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে ২০২৬ সালে তাঁর জনসেবার ২৫ বছর পূর্ণ হয়েছে। সেই আড়াই দশকের পথচলাকে স্মরণ করার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য ও সরকারের উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
রাজনৈতিক কর্মসূচির সঙ্গে পুরুলিয়ার স্থানীয় সংস্কৃতিকে যুক্ত করে এই মিছিলের মাধ্যমে একদিকে মোদীর দীর্ঘ প্রশাসনিক যাত্রাকে তুলে ধরা হয়েছে, অন্যদিকে আগামী দিনের ‘বিকশিত ভারত’-এর স্বপ্নের বার্তাও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি।