বাঁকুড়া,মহম্মদ শাহজাহান আনসারী :দেবীপক্ষের সূচনায় শারদীয় উৎসবের আলোয় সেজে উঠেছে বাঁকুড়া জেলা। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী হাট আশুড়িয়া গ্রামের সৌমন্ডল পাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হলো। এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিল্লেশ্বর সিনহা। প্রদীপ প্রজ্বলন এবং ফিতা কাটার মাধ্যমে তিনি এই বছরের পুজোর শুভ সূচনা করেন।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক বিল্লেশ্বর সিনহা ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, পুজো কমিটির কর্মকর্তা এবং সৌমন্ডল পাড়ার সাধারণ বাসিন্দারা। উদ্বোধন শেষে মণ্ডপে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে বিধায়ক বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মিলনক্ষেত্র। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই কদিন আনন্দ উপভোগ করুন। মা দুর্গার আশীর্বাদে সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।”
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর দর্শনার্থীদের জন্য মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জায় বিশেষ চমক রাখা হয়েছে। উদ্বোধনের দিন থেকেই মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে যাতে সবাই পুজো দেখতে পারেন, তার জন্য কমিটির পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।