Saturday, October 31, 2026
জাতীয়

দিল্লিতে " ওস্তাদ বিসমিল্লাহ খান যুব সম্মান " পুরুলিয়ার ছৌশিল্পী সোমনাথের, গর্বিত জঙ্গলমহল

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- October 24, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পুরস্কার হাতে পুরুলিয়ার ছৌশিল্পী সোমনাথ মাহাতো

পিউ নন্দী, পুরুলিয়া: পুরুলিয়ার লালমাটির পরিচয় ছৌনাচ। সেই ঐতিহ্যবাহী লোকনৃত্যকে জাতীয় স্তরে আরও একবার গর্বের সঙ্গে তুলে ধরলেন জেলার তরুণ শিল্পী সোমনাথ মাহাতো। বাঘমুন্ডি ব্লকের কুশলডি গ্রামের এই ছৌশিল্পী ২০২৫ সালের ‘উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার’-এর জন্য নির্বাচিত হয়েছেন। তাঁর এই সাফল্যে গর্বিত পুরুলিয়ার সাংস্কৃতিক মহল।

সঙ্গীত, নৃত্য ও নাটক-সহ বিভিন্ন পরিবেশনশিল্পে প্রতিভাবান তরুণ শিল্পীদের স্বীকৃতি দিতে সঙ্গীত নাটক আকাদেমি এই পুরস্কার প্রদান করে। ২০২৬ সালের ১৯ অক্টোবর দিল্লির রবীন্দ্র ভবনের মেঘদূত থিয়েটার কমপ্লেক্সে ২০২৪ ও ২০২৫ সালের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের হাত দিয়ে ১০৬ জন শিল্পীকে সম্মানিত করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

সোমনাথের এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের অনুশীলন, অধ্যবসায় এবং পারিবারিক সাংস্কৃতিক পরম্পরা। তাঁর বাবা সাধুচরণ মাহাতোও ছৌশিল্পী। বাবার কাছেই ছোটবেলায় ছৌনাচের হাতেখড়ি সোমনাথের। পরে অন্য শিল্পীদের কাছ থেকেও এই নৃত্যকলার প্রশিক্ষণ নেন তিনি। পড়াশোনার পাশাপাশি ছৌনাচের প্রতি ভালোবাসাকে কখনও দূরে সরিয়ে রাখেননি। ভূগোলে অনার্সের পাশাপাশি ছৌনাচে ডিপ্লোমাও রয়েছে তাঁর।

পুরুলিয়ার ছৌনাচ আজ শুধু বাংলার সাংস্কৃতিক পরিচয় নয়, দেশের বাইরেও এই শিল্পের কদর রয়েছে। সোমনাথও বিভিন্ন রাজ্যের পাশাপাশি জাপান ও মালয়েশিয়ায় ছৌনাচ পরিবেশন করেছেন। ঐতিহ্যবাহী এই শিল্পকে আরও বৃহত্তর মঞ্চে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি।

উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার তাঁর শিল্পীজীবনে এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই সম্মান আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে ছৌনাচের চর্চা এবং নতুন প্রজন্মের কাছে এই লোকশিল্পকে পৌঁছে দেওয়ার প্রেরণা জোগাবে বলেই আশা।

পুরুলিয়ার আর এক ছৌশিল্পী নৃপেন সহিসও ২০২৪ সালের নৃত্য বিভাগের সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। ফলে দুই শিল্পীর সাফল্যে জাতীয় সাংস্কৃতিক মঞ্চে নতুন করে উজ্জ্বল হয়েছে পুরুলিয়ার নাম।

— বিজ্ঞাপন —
Advertisement