অনন্যা দে, আলিপুরদুয়ার, ১৬ অক্টোবর: পুজোর মুখেও বোনাস না মেলায় ক্ষোভে ফুঁসছেন চা শ্রমিকরা। বোনাসের দাবিতে মাদারিহাট থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের তিনটি চা বাগানের শ্রমিকরা।
ধুমচিপাড়া, হান্টাপাড়া ও গেরগান্ডা চা বাগানের শ্রমিকরা এদিন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, এই তিনটি চা বাগানই মেরিকো কোম্পানির অন্তর্গত। শ্রমিকদের অভিযোগ, দুর্গাপুজো এসে গেলেও এখনও পর্যন্ত তাঁদের পুজোর বোনাস দেওয়া হয়নি। পাশাপাশি, অন্যান্য পাওনা-গন্ডা নিয়েও সমস্যা রয়েছে বলে দাবি তাঁদের।
পুজোর আগে বোনাস না পাওয়ায় সংসার চালানো এবং উৎসবের প্রস্তুতি নেওয়া নিয়ে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। তাঁদের দাবি, দ্রুত বকেয়া বোনাস মিটিয়ে দিতে হবে এবং প্রাপ্য পাওনা নিশ্চিত করতে হবে। এই দাবিতেই এদিন তিনটি চা বাগানের বহু শ্রমিক একত্রিত হয়ে অবস্থান বিক্ষোভে বসেন। পুজোর মুখে শ্রমিকদের এই আন্দোলনকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।