অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৮ অক্টোবর: আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।নিমিষে পুড়ে ছাই হয়ে গেল পাঁচটি দোকান।
জানা যায়,বুধবার ভোরে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাটের টোটোপাড়া মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে যায়। তার মধ্যে দুটি পানের দোকান, একটি ফলের দোকান, একটি ফাস্ট ফুডের দোকান এবং একটি ফ্যান, টিভি মেরামতির দোকান ছিল।
এলাকার বাসিন্দারা জানান, এদিন ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে ফালাকাটা থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, পাশেই বীরপাড়ায় দমকল কেন্দ্র থাকলেও বীরপাড়ায় ফোন করা হলে দমকলের ইঞ্জিন আসেনি। ফালাকাটা থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।দমকল কর্মীদের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।