অনন্যা দে, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার শহরের কালজানি নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে তুমুল বিতর্ক ছড়াল। অভিযোগ, দুর্ঘটনা এড়াতে প্রায় ২০ ফুট উঁচু র্যাম্প তৈরি করে সেখান থেকে প্রতিমা নদীতে নামানোর সময় ভেঙে যায় একাধিক প্রতিমা। ঘটনায় ক্ষোভ ছড়ায় পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় নিন্দার ঝড়।
আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত বিসর্জন ঘাটের এই ঘটনা নিয়ে বিরোধীদের পাশাপাশি শাসকদলের অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। পরে সাবেকি পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে সুমন ঘোষ বলেন, “দুর্গাপুজো ও প্রতিমা আমাদের কাছে আবেগের বিষয়। নিরঞ্জনের সময় এই ধরনের অবমাননা কেউ মেনে নেবে না।”
বিধায়ক পরিতোষ দাস বলেন, “একেবারেই অবৈজ্ঞানিক কাজ হয়েছে। উদ্যোক্তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল। বিষয়টি নজরে আসামাত্রই হস্তক্ষেপ করি। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে।”
ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকলেও প্রকাশ্যে মন্তব্য করেননি।