অনন্যা দে, আলিপুরদুয়ার: ঐতিহ্য মেনে মহাসপ্তমীতে ফুলপাতি উৎসবে মাতলেন নেপালি সম্প্রদায়ের মানুষ। দেবী দুর্গাকে পালকিতে বসিয়ে নগর পরিক্রমার মধ্য দিয়ে ভক্তদের আশীর্বাদ দেওয়ার রীতি আজও পালন করা হয়। আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া, জয়গাঁ এবং কালচিনিতে এই উৎসব ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ।
মহালয়ার পর থেকেই নেপালি রীতি মেনে শুরু হয় দুর্গাপুজো, যা চলে বিজয়া দশমী পর্যন্ত। নেপালি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর আরাধনা করেন পুরোহিত। মহাসপ্তমীতে ফুলপাতি শোভাযাত্রায় দেবী দুর্গার ছবিকে কন্যারূপে পালকিতে বসিয়ে লাল ওড়না ও সাজসজ্জার সামগ্রী উপহার দেন পুণ্যার্থীরা। শোভাযাত্রায় অংশ নেন হাজারেরও বেশি ভক্ত।
ঐতিহ্যবাহী পোশাকে সেজে শোভাযাত্রায় যোগ দেন নারী-পুরুষেরা। পুরুষদের মাথায় থাকে ধাকো টুপি এবং মহিলারা পরেন চৌবন্দী চোলা। ডমফু নামের বাদ্যযন্ত্রের তালে বর্ণময় শোভাযাত্রা দেখতে ভিড় জমান বহু মানুষ।
আয়োজক কমিটির সদস্য দিলীপ থাপা বলেন, “নেপালি সম্প্রদায়ের কাছে এই পুজো প্রাণের পুজো। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। ছেলেমেয়েরা যেখানেই থাকুক, পুজোর সময় ফিরে আসে। ফুলপাতি আমাদের ঐতিহ্য।”
ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরম্পরার মধ্য দিয়ে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছেন নেপালি সম্প্রদায়ের মানুষ।