অনন্যা দে:আলিপুরদুয়ার: ফালাকাটায় দলীয় কর্মসূচির ফাঁকে বিশ্ববিদ্যালয়ে ABVP ও SFI-এর সংঘর্ষ এবং রেজিনগর-নন্দীগ্রামে ভোট সন্ত্রাসের অভিযোগ নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় ছাত্রদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে।
শমীকের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজক স্লোগান দেওয়া হচ্ছে। কোথাও ‘অকুপায়েড কাশ্মীর’ নিয়েও স্লোগান দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, দেশের মাটিতে দাঁড়িয়ে কেউ বিচ্ছিন্নতাবাদী বক্তব্য দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
রেজিনগর ও নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কংগ্রেসের পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে শমীক বলেন, বিষয়টি হাস্যকর। তাঁর দাবি, মানুষই জানেন কোথায় সন্ত্রাস হয়েছে।
রেজিনগরে বিভাজনের রাজনীতি শেষ হওয়ার দাবি করে তিনি জানান, সংখ্যালঘুদের একাংশ এখন শিল্প ও কর্মসংস্থানের দাবি তুলছেন। একইসঙ্গে রেজিনগর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে দাবি করেন তিনি।