অনন্যা দে, আলিপুরদুয়ার: দুর্গাপুজোয় দর্শনার্থীদের নজর কাড়তে অভিনব থিম নিয়ে হাজির আলিপুরদুয়ার জেলার অন্যতম বিগ বাজেটের পুজো যুব সংঘ কালী বাড়ি। ইতিমধ্যেই এই পুজোর উদ্বোধন সম্পন্ন হয়েছে। এবারের পুজোর মূল আকর্ষণ শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। প্রায় ৫০০০ বছর আগে দ্বারকানগরী কেমন ছিল, সেই ঐতিহাসিক চিত্র মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
শুধু মণ্ডপসজ্জাই নয়, দ্বারকানগরীর ইতিহাসও তুলে ধরা হয়েছে এই পুজোয়। মণ্ডপে প্রবেশ করলেই শোনা যাবে দ্বারকানগরীর ইতিহাস সংক্রান্ত বর্ণনা। ফলে দর্শনার্থীরা প্রতিমা দর্শনের পাশাপাশি শ্রীকৃষ্ণের ঐতিহাসিক নগরী সম্পর্কে জানার সুযোগ পাবেন। পুজোর প্রতিমাতেও থাকছে বিশেষ চমক ও অভিনবত্ব। সব মিলিয়ে পৌরাণিক ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলার মেলবন্ধনে এবারের যুব সংঘ কালী বাড়ির পুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।