বারুইপুর: নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান বারুইপুর পুলিশ জেলার। বারুইপুরের চম্পাহাটির হারাল বাজি বাজারে যৌথ অভিযান চালালো বারুইপুর পুলিশ জেলা ও বারুইপুর থানা।
অভিযানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, এসডিপিও ম্যাডাম, বারুইপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, কালীপুজো ও দীপাবলির আগে এই হারাল বাজি বাজার জমজমাট। কোন দোকানে কি বাজি বিক্রি হচ্ছে, তা পরিবেশবান্ধব কিনা এবং সরকারি নিষেধাজ্ঞা থাকা নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান।
অভিযানে পাঁচটি দোকানে অবৈধভাবে নিষিদ্ধ শব্দবাজি, বিশেষ করে নিষিদ্ধ চকলেট বোম বিক্রির হদিশ মেলে। প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। ওই পাঁচটি দোকান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাঁচজন দোকান মালিকের বিরুদ্ধে আইনি মামলা রুজু করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, বহুবার সতর্ক করা, সচেতনতা প্রচার করার পরেও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ বাজি বিক্রি করছে। এর ফলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তিনি সাধারণ ব্যবসায়ী যাদের রুজি রুটি এই বাজি ব্যবসার ওপর নির্ভর করে তাদের আইনের মধ্যে থেকে ব্যবসা করার আবেদন জানান। পাশাপাশি হুঁশিয়ারি দেন, এরপরও যদি নিষিদ্ধ বাজি বিক্রি হয়, তবে প্রয়োজনে পুরো বাজি বাজারই বন্ধ করে দেওয়া হবে। পুলিশের তরফে বাজি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনকেও সতর্ক করা হয়েছে যাতে তারা নিজেরা নজরদারি করে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়ায়।