খাতড়া: পুরুলিয়ায় আদিবাসীদের একটি সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন প্রায় ৩০ জন যাত্রী। সোমবার রাত আটটা নাগাদ খাতড়ার ধবনি মোড় থেকে সারেঙ্গার পি মোড় যাওয়ার রাস্তায়, কেলাতী আশ্রমের কাছে জোড়খালের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানটি। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা সকলেই কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার ধচাটি গ্রামের প্রায় ৩০ জন বাসিন্দা একটি পিকআপ ভ্যান ভাড়া করে পুরুলিয়ায় আদিবাসীদের একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন। সভা শেষ করে রাতে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই খাতড়া মহকুমা হাসপাতালে পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানটি উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।