Saturday, October 31, 2026
জেলা

ভাঙারি ব্যবসার আড়ালে ব্রাউন সুগার কারবারের অভিযোগ, গ্রেফতার দুই মহিলা বিশ্বাস কলোনিতে পুলিশের অভিযান, উদ্ধার ২৮৩ গ্রাম মাদক

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 24, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শিলিগুড়িতে ধৃত দুই মাদককারবারী মহিলা

শিলিগুড়ি: ভাঙারি ব্যবসার আড়ালে ব্রাউন সুগারের কারবার চালানোর অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার শিলিগুড়ির বিশ্বাস কলোনিতে রেললাইনের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছেন তদন্তকারীরা। ধৃত দুই মহিলা সম্পর্কে ভ্রাতৃবধূ ও ননদ। তাঁদের নাম রেহানা বেগম (৩০) এবং মল্লিকা খাতুন (৩০)। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (এনডিপিএস) মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর বিশ্বাস কলোনি এলাকায় নজরদারি শুরু করেন মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশকর্মীরা। এর পর শনিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই ২৮৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

পুলিশের দাবি, ধৃত দুই মহিলা ভাঙারির ব্যবসার সঙ্গে যুক্ত। সেই ব্যবসার আড়ালেই তাঁরা মাদক কারবার চালাচ্ছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ। তবে এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ধৃতেরা কোথা থেকে মাদক সংগ্রহ করতেন এবং কোথায় তা সরবরাহ করা হত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

এক সময় শিলিগুড়ির বিশ্বাস কলোনিকে মাদক কারবারের অন্যতম কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হত। পুলিশের ধারাবাহিক অভিযান ও নজরদারিতে এলাকায় মাদক কারবার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল বলে দাবি। তবে পুজোর মরশুমে ফের ওই এলাকায় মাদক কারবারের অভিযোগ সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ধৃত দুই মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে মাটিগাড়া থানার পুলিশ। তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। মাদক পাচারের পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করার কথা রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

— বিজ্ঞাপন —
Advertisement