বাঁকুড়া,মহম্মদ শাহজাহান আনসারী : দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার আবহ শেষে বাঁকুড়ার সোনামুখী থানার উদ্যোগে এক বিশেষ বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব পরবর্তী এই সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী দিবাকর ঘরামী।
থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী দিবাকর ঘরামী সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় ও সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন।
সোনামুখী থানার এই জনসংযোগমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মিষ্টিমুখ ও সাংস্কৃতিক আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।