পুরুলিয়া, পিউ নন্দী: পুরুলিয়া শহরের ব্যস্ত রাস্তায় নির্মাণকাজ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল সোমবার সকালের দুর্ঘটনা। গোশালা রেলগেট সংলগ্ন কাপুর বাগান এলাকায় ব্রিজ নির্মাণের কাজে ব্যবহৃত বিশাল পাইলিং রিগ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে একটি ট্রাক এবং স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া বোলেরো গাড়ির উপর। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনার সময় বোলেরো গাড়িটিতে চালক ছাড়াও এজিপিএন কনভেন্ট স্কুলের আটজন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। আচমকাই ভারী যন্ত্রটি গাড়ির উপর পড়ায় মুহূর্তের মধ্যে গাড়ির ভিতরে আটকে পড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।
দুর্ঘটনায় তিন পড়ুয়া আহত হয়েছে। তবে বোলেরো চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন এজিপিএন কনভেন্ট স্কুলের কর্ণধার তথা ডিরেক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। তিনি আহত পড়ুয়াদের চিকিৎসার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ, ট্রাফিক বিভাগের কর্মী এবং নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা। রাস্তার উপর বিশাল পাইলিং রিগ উল্টে পড়ায় পুরুলিয়া-আসানসোল সড়কে যান চলাচল ব্যাহত হয়। যানজট নিয়ন্ত্রণে নামতে হয় ট্রাফিক পুলিশকে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।