পুরুলিয়া, পিউ নন্দী: কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইক নিয়ে জাতীয় সড়ক ধরে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার দুপুর দেড়টা নাগাদ পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের বলরামপুর থানার মালতী সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
মৃতের নাম ললিত মাহাতো (৫৯)। বলরামপুর থানার দাঁতিয়া এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন ললিতবাবু। এদিন কাজের সূত্রে বলরামপুরে এসেছিলেন তিনি। এরপর বাইকে করে বাড়ি ফেরার সময় মালতী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কের ওই অংশে সম্প্রতি একটি নতুন স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে। সেখান দিয়ে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ললিতবাবু। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ও পুলিশ। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছন তাঁর কর্মস্থলের কর্তৃপক্ষ ও সহকর্মীরা। আচমকা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দাঁতিয়া গ্রামে।
দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনার পিছনে স্পিড ব্রেকারের ভূমিকা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।