Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

ফুটবল খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ১

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 04, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ফুটবল খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ১

শিলিগুড়ি:  ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা। মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম আরও দুই। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে গত রাতে শিলিগুড়ি থানার অন্তর্গত এসএফ রোডে, দমকল দফতরের সামনে। মৃতের নাম রাহুল দেবনাথ (১৯)। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে একটি বাইকে চেপে তিন যুবক চাঁদমুনি থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল। এসএফ রোডে দমকল দফতরের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার অভিঘাতে ছিটকে পড়েন তিন যুবকই। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়েরা।

খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। পরে তাঁদের মধ্যে এক জনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

রাহুলের এক আত্মীয় জানান, দুই বন্ধুর সঙ্গে চাঁদমুনিতে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পরে একই বাইকে বাড়ি ফিরছিলেন তিন জন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement