পিউ নন্দী, পুরুলিয়া: এলাকায় নতুন করে মদ ভাটি খোলার উদ্যোগ ঘিরে তীব্র অসন্তোষ ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রস্তাবিত মদ ভাটি চালুর বিরোধিতা করে শুক্রবার পথে নামলেন এলাকার মানুষ। কাশিপুর-হুড়া সড়কের নপাড়া এলাকায় প্রায় দু’ঘণ্টা ধরে চলে পথ অবরোধ ও বিক্ষোভ। আন্দোলনে পুরুষদের পাশাপাশি শামিল হন মহিলারাও। অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নপাড়া এলাকায় একটি মদ ভাটি খোলার জন্য ইতিমধ্যেই সরকারি লাইসেন্স মিলেছে। কিন্তু এলাকায় মদ ভাটি চালু হলে সামাজিক পরিবেশের উপর তার বিরূপ প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা থেকেই প্রস্তাবিত ভাটির বিরোধিতায় সরব হয়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে কোনওভাবেই সেখানে মদ ভাটি চালু করা যাবে না।
শুক্রবার এই দাবিতেই কাশিপুর-হুড়া সড়কে অবরোধ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলে পুলিশের। শেষ পর্যন্ত আপাতত মদ ভাটি খোলার কাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রশাসন সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা না করে ওই মদ ভাটি চালু করা হবে না। প্রশাসনের এই আশ্বাসের পরই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে প্রস্তাবিত মদ ভাটি নিয়ে এলাকার মানুষের আপত্তি যে এখনও রয়েছে, শুক্রবারের এই বিক্ষোভে তা স্পষ্ট।