পিউ নন্দী, পুরুলিয়া: চলন্ত গাড়িতে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্বল থানার বেলকুঁড়ি টোল প্লাজা সংলগ্ন এলাকায়। আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি ছোট চার চাকা গাড়ি। তবে চালকের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান গাড়িতে থাকা তিন যাত্রী-সহ চালক। সময়মতো গাড়ি থেকে নেমে আসায় প্রাণে বেঁচে যান প্রত্যেকেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি পুরুলিয়া থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। বেলকুঁড়ি টোল প্লাজার কাছে পৌঁছতেই গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দেন। এরপর আর দেরি না করে গাড়ির ভিতরে থাকা সকলেই বাইরে বেরিয়ে আসেন। তাঁদের গাড়ি থেকে নামার কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে অল্প সময়ের মধ্যেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। তবে অন্য লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।
প্রাথমিকভাবে চালকের দ্রুত সিদ্ধান্তের কারণেই বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে চলন্ত গাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও, চালক ও যাত্রীরা অক্ষত থাকায় স্বস্তি ফিরেছে।