শিলিগুড়ি: তিনবাত্তি এলাকার রেললাইন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম অভিজিৎ গুহ। তিনি শিলিগুড়ির নিউ মিলনপল্লির বাসিন্দা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন বলে অভিযোগ করেছেন তাঁর এক বন্ধু। মৃত্যুর আগে অভিজিৎ একটি চিঠি লিখে গিয়েছেন বলেও দাবি। ওই চিঠিতে জমি বিবাদ এবং মানসিক হয়রানির প্রসঙ্গ রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে তিনবাত্তি এলাকার রেললাইন থেকে অভিজিতের দেহ উদ্ধার করে এনজেপি জিআরপি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মৃতের বন্ধুর অভিযোগ, ২০০৮ সাল থেকে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চলছিল অভিজিতের। ওই জমি সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন। অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে কয়েক জন ব্যক্তি দীর্ঘ দিন ধরে অভিজিতের উপরে মানসিক চাপ সৃষ্টি করছিলেন। তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছিল বলেও দাবি করেছেন ওই বন্ধু। তাঁর অভিযোগ, এই পরিস্থিতির জেরেই চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন অভিজিৎ। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীন ভাবে যাচাই করা যায়নি।
মৃতের পরিবারে স্ত্রী এবং ১৪ বছরের এক কন্যাসন্তান রয়েছে। অভিজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে পরিচিত মহলে।
এদিকে, মৃত্যুর আগে লেখা বলে দাবি করা চিঠিটি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে মনে করা হচ্ছে। এনজেপি জিআরপি সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এবং উদ্ধার হওয়া চিঠি খতিয়ে দেখার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মৃতের বন্ধুর তোলা অভিযোগগুলিও তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তি এবং মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।