Saturday, October 31, 2026
জেলা

বিজয়ার রাতে ঘুমের মধ্যেই গয়না চুরি, জখম গৃহবধূ

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 24, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কান ছিঁড়ে দুল চুরি মহিলার

শিলিগুড়ি: বিজয়া দশমীর রাতে বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির সাহুডাঙ্গি সংলগ্ন ডাবগ্রাম নাওয়াপাড়া এলাকায়। ঘুমের মধ্যেই এক মহিলার কানের দুল, নাকের ফুল ও গলার চেন চুরি করে পালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কানের দুল ছিঁড়ে নেওয়ার সময় জখম হন ওই মহিলা। পাশাপাশি, বালিশের নীচে রাখা দু’টি মোবাইল ফোনও চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

স্থানীয় বাসিন্দা ননি বালা রায় জানান, বিজয়া দশমীর রাতে দশমীর পুজো সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরে রাত সাড়ে ১১টা নাগাদ দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। অভিযোগ, গভীর রাতে তিনি ঘুমিয়ে থাকাকালীন দুষ্কৃতীরা তাঁর কানের দুল, নাকের ফুল ও গলার চেন চুরি করে। কানের দুল ছিঁড়ে নেওয়ার সময় তাঁর কানে চোট লাগে। ঘুম ভাঙার পর ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। সেই সঙ্গে বালিশের নীচে রাখা দু’টি মোবাইল ফোনও খুঁজে পাননি।

ননি বালা রায়ের দাবি, এলাকার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তির আনাগোনা ধরা পড়েছে। তবে ওই ব্যক্তি চুরির ঘটনায় জড়িত কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি পুলিশকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

ওই মহিলার আরও অভিযোগ, এর আগেও প্রায় দু’বছর আগে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সে বার বাড়ি থেকে পাঁচ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন চুরি যায়।

বিজয়ার রাতে বাড়িতে ঢুকে এ ভাবে চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানিয়েছেন ননি বালা রায়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুলিশি তদন্তে এই চুরির ঘটনার কিনারা হয় কি না, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।

 

— বিজ্ঞাপন —
Advertisement