শিলিগুড়ি: মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ফের অভিযানে নামল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। মাটিগাড়ার বিশ্বাস কলোনি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। মাদক কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার বিকেলে বিশ্বাস কলোনির ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় ব্রাউন সুগার। ধৃত মহিলার নাম মাহিনুর বেগম। তিনি বিশ্বাস কলোনির বাসিন্দা। মঙ্গলবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত শনিবার একই এলাকায় অন্য একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে এক ননদ ও বৌদিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন। পরপর দু’টি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় মাদক কারবারের বিষয়টি ফের সামনে এসেছে।
মাদক কেনাবেচা বন্ধ করতে বিশ্বাস কলোনিতে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি একাধিক সচেতনতামূলক শিবিরও করেছে পুলিশ। তা সত্ত্বেও এলাকায় মাদক কারবার পুরোপুরি বন্ধ না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলছে। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
এদিকে, উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায় এবং এই কারবারের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।