Saturday, October 31, 2026
জেলা

এনজেপি স্টেশনে এসি কামরা থেকে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেফতার মহিলা

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 25, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নিসিদ্ধ মাদকের প্যাকেট পরীক্ষা করছেন উদ্ধারকারীরা

শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনে মাদক পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত মহিলার নাম রেহানা খাতুন (৩১)। তিনি অসমের নগাঁও জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে অভিযানে নামে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। এনজেপি জিআরপির আইসি পাসাং শেরপার নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয় স্টেশন চত্বরে।

সেই সময় অসম থেকে আসা ডাউন বিবেক এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। ট্রেনটির বি৫ নম্বর এসি কামরায় এক মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়লে তাঁকে আটক করা হয়।

এরপর মহিলার সঙ্গে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ছটি সাবানের কেসের মধ্যে রাখা প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে দাবি পুলিশের। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

ঘটনার পর ধৃত মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (এনডিপিএস) মামলা রুজু করা হয়। রবিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদক অসম থেকে দক্ষিণ ভারতের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। এই পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন শিলিগুড়ি জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপির আধিকারিকেরা। মাদক পাচারের নেপথ্যে থাকা অন্যদের সন্ধানে তদন্ত চলছে।

রেলপথে মাদক পাচার রুখতে নজরদারি ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

 

— বিজ্ঞাপন —
Advertisement