বাঁকুড়া : পথ নিরাপত্তা ও দায়িত্বশীল নাগরিকত্ব দিবস পালন বাঁকুড়ায়। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে এক বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় "রোড সেফটি ও রেসপন্সিবল সিটিজেনশিপ ডে" উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হয়। একটি বর্ণাঢ্য পথযাত্রার মাধ্যমে এই বিশেষ দিনটির শুভ উদ্বোধন করেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) কৈলাসপতি মাহাতো, বাঁকুড়া সদর থানার আইসি, বাঁকুড়া ট্রাফিক ওসি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, "পথ নিরাপত্তা কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নাগরিক কর্তব্য। একটি দুর্ঘটনা শুধু একটি জীবন কেড়ে নেয় না, গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। তাই রাস্তায় বেরোলে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট পরা এবং সিট বেল্ট বাঁধা অত্যন্ত জরুরি। সুরক্ষিত বাঁকুড়া গড়তে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।"
অন্যদিকে, ট্রাফিক সচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে ডিএসপি (ট্রাফিক) কৈলাসপতি মাহাতো বলেন, "আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করার চেষ্টা করছি। 'সেফ ড্রাইভ সেভ লাইফ' মিশনকে সফল করতে ট্রাফিক পুলিশ সর্বদা তৎপর। আইন ভাঙলে জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের মূল লক্ষ্য হলো মানুষের অমূল্য জীবন বাঁচানো। আজকের এই রেলির উদ্দেশ্যই হলো সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া, যাতে সবাই ট্রাফিক নিয়ম মেনে চলেন এবং সুরক্ষিতভাবে যাতায়াত করেন।"
মাচানতলা থেকে শুরু হওয়া এই সচেতনতা রেলিটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। রেলি থেকে প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে পথচলতি মানুষ এবং চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের নাগরিক মহল।