Saturday, October 31, 2026
জেলা

চলন্ত পণ্যবাহী গাড়িতে আগুন, চালকের বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়াল শিলিগুড়ি

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 27, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
চলন্ত গাড়িতে আগুন

শিলিগুড়ি: চলন্ত পণ্যবাহী গাড়ি থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। গাড়িতে বোঝাই কার্টন। আচমকা এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধির পরিচয় দিলেন চালক। গাড়িটি নিয়ে সোজা পৌঁছে গেলেন দমকল দফতরের সামনে। মঙ্গলবার সকালে শিলিগুড়ির এসএফ রোডের এই ঘটনায় চালকের তৎপরতা এবং দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কার্টন বোঝাই একটি পণ্যবাহী গাড়ি নিয়ে যাচ্ছিলেন চালক। নৌকাঘাটের কাছে পৌঁছতেই গাড়ির ভিতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সময় নষ্ট করেননি তিনি। দ্রুত গাড়িটি নিয়ে এসএফ রোডে অবস্থিত দমকল দফতরের কাছে পৌঁছে যান।

এর পরেই আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলকর্মীরা। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গাড়িতে কার্টন বোঝাই থাকায় আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারত বলে আশঙ্কা। তবে চালকের বিচক্ষণতা এবং দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে সেই বিপদ এড়ানো গিয়েছে।

ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও গাড়িটিতে কী কারণে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

English Headline: Driver’s Presence of Mind Averts Major Accident After Goods Vehicle Catches Fire in Siliguri

— বিজ্ঞাপন —
Advertisement