সায়নী সরকার, পূর্ব বর্ধমান: নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ। ওড়িশা থেকে বোলপুর যাওয়ার পথে উদ্ধার হল প্রায় ১৬ কেজি গাঁজা। ঘটনায় শেখ নাসিরুদ্দিন নামে এক গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান–আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের পলেমপুর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল খণ্ডঘোষ থানার পুলিশ। সেই সময় একটি চারচাকা গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তল্লাশি চলাকালীন গাড়ির ভেতর থেকে একটি সন্দেহজনক বস্তা মেলে।
সরকারি নিয়ম মেনে এবং স্বচ্ছতা বজায় রাখতে সমগ্র তল্লাশি প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। এরপর বস্তাটি নামিয়ে খুলতেই দেখা যায়, তার ভেতর সুকৌশলে লুকোনো রয়েছে ৮টি প্যাকেট। ওজন করে দেখা যায়, প্যাকেটগুলিতে প্রায় ১৬ কেজি গাঁজা রয়েছে। গাঁজা উদ্ধারের পরেই গাড়িটি বাজেয়াপ্ত করে চালককে আটক করা হয়।
ধৃত চালকের নাম শেখ নাসিরুদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, গাড়িটি ওড়িশার কটক থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বোলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পলেমপুরের নাকা পয়েন্টে পুলিশের নজরদারি এড়াতে পারেনি সে।
ঘটনার জেরে শেখ নাসিরুদ্দিনকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আন্তঃরাজ্য এই মাদক চক্রের পেছনে আর কারা জড়িত, কার কাছে এই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল এবং ওড়িশার কোন চক্র এই কারবার চালাচ্ছে তা বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।