বারুইপুর : গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর SOG- অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এর যৌথ দল। গভীর রাতে ছয়ানি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় একটি বোলেরো ম্যাক্স পিক আপ ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে আনুমানিক ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। পুলিশের নজর এড়াতে গাঁজাগুলি পচা সবজির নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বিপুল পরিমাণ ওই গাঁজা গুলি ওড়িশা থেকে বাসন্তী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হচ্ছিল । এই পাচারচক্রের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অভিযানে উদ্ধার হওয়া গাঁজা এবং পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। হেফাজতে নেওয়ার পর কৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের নাগাল পেতে তদন্ত চালাচ্ছে পুলিশ।